চিংড়িঘাটার জট কাটতেই বেলেঘাটা থেকে আইটি সেন্টার পর্যন্ত পরীক্ষামূলক ভাবে মেট্রো চালাল RVNL
কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনে বেলেঘাটা থেকে আইটি সেন্টার পর্যন্ত পরীক্ষামূলক ভাবে রেক চালাল রেল বিকাশ নিগম লিমিটেড (RVNL)। মেট্রো সূত্রে খবর, সফল হয়েছে ট্রায়াল রান। পরবর্তী ধাপে শুরু হবে CBTC সিস্টেমের পরীক্ষা। তবে যাত্রী পরিষেবা চালুর নির্দিষ্ট দিন এখনও জানানো হয়নি।
Written by
Priya Jana

কলকাতা: কলকাতার অরেঞ্জ লাইনে মেট্রো পরিষেবা সম্প্রসারণের পথে আরও এক ধাপ এগোল কাজ। শনিবার, ১০ অক্টোবর, মহালয়ার দিন বেলেঘাটা থেকে আইটি সেন্টার পর্যন্ত পরীক্ষামূলক ভাবে মেট্রোর রেক চালানো হল। নির্মাণ সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেড (RVNL) এই ট্রায়াল রান পরিচালনা করে। মেট্রো সূত্রে খবর, পরীক্ষামূলক যাত্রা সফল হয়েছে।
কবি সুভাষ থেকে জয় হিন্দ বিমানবন্দর পর্যন্ত অরেঞ্জ লাইনে কবে সম্পূর্ণ পরিষেবা চালু হবে, তা নিয়ে দীর্ঘদিন ধরেই অপেক্ষায় কলকাতাবাসী। গত বছরের অগস্টে নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রোপথ বেলেঘাটা পর্যন্ত সম্প্রসারিত হয়েছিল। সেই সময় বাইপাসের মেট্রোপলিটন মোড়ের আগে বেলেঘাটা স্টেশন চালু হয়। কিন্তু পরবর্তী অংশের কাজ চিংড়িঘাটা মোড়ের কাছে আটকে থাকায় পরিষেবা সম্প্রসারণ সম্ভব হয়নি।
চিংড়িঘাটা এলাকায় নির্মাণকাজের জন্য যান চলাচল নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা এবং প্রশাসনিক জটিলতা নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যা চলছিল। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। পরে ওই অংশের কাজের জটিলতা কাটায় নির্মাণকাজে গতি আসে।
এ বার বেলেঘাটা থেকে আইটি সেন্টার পর্যন্ত পরীক্ষামূলক ভাবে রেক চালানো হল। মেট্রো সূত্রে জানা গিয়েছে, পরবর্তী ধাপে ‘কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল’ (CBTC) ব্যবস্থার পরীক্ষা শুরু হবে। এই ব্যবস্থার মাধ্যমে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ ও সিগন্যালিং ব্যবস্থার কার্যকারিতা যাচাই করা হবে।
তবে অরেঞ্জ লাইনের এই অংশে সাধারণ যাত্রীদের জন্য পরিষেবা ঠিক কবে থেকে শুরু হবে, সে বিষয়ে নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি। পরিষেবা শুরুর আগে প্রয়োজনীয় পরীক্ষা ও অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
